শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেক্সিকোয় মাদক চক্রের আঞ্চলিক নেতা গ্রেপ্তার, আটক আরও ১৯

সিজেএনজির নেতা ‘আর-টু’ হত্যাকাণ্ড, মাদক পাচার ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত

মেক্সিকোর অন্যতম প্রধান মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববারের অভিযানে রাফায়েল আলভারেজ ওরফে ‘আর-টু’র সঙ্গে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আলভারেজের বিরুদ্ধে হত্যাকাণ্ড, মাদক পাচার এবং অ্যাভোকাডো ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সিজেএনজির আঞ্চলিক কার্যক্রমে নেতৃত্ব

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আলভারেজকে গ্রেপ্তারের অভিযানের সময় বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিরাপত্তামন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) দেওয়া তথ্যের ভিত্তিতে আলভারেজের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

আলভারেজ জালিস্কো ও মিচোয়াকান রাজ্যে সক্রিয় একটি অপরাধী দলের নেতৃত্ব দিতেন। তাঁর বিরুদ্ধে এক বছর আগে জনপ্রিয় মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ডের সঙ্গেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সংগঠিত অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন মানজো।

সিজেএনজির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

সিজেএনজি মেক্সিকোর অন্যতম শক্তিশালী মাদক চক্র। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের নিয়ন্ত্রণ নিয়ে সিনালোয়া কার্টেলের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মাদক পাচারের পাশাপাশি সহিংস কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার জন্যও কুখ্যাত এই সংগঠন।

২০২৫ সালে যুক্তরাষ্ট্র সরকার সিজেএনজিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভিযানে সংগঠনটির প্রতিষ্ঠাতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা নিহত হন। এরপর থেকে সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন