শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইরানের স্থলপথ বন্ধে ‘আয়রন গেট’ টাস্কফোর্স, যুদ্ধের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের

অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের সরবরাহ ঠেকাতে স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজরদারি বাড়ানোর উদ্যোগ

ইরানের সঙ্গে যুক্ত সব স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধ করতে গঠিত নতুন টাস্কফোর্স কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের ২০ সদস্যের এই দল ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন নৌ-অবরোধকে আরও বিস্তৃত ও জোরদার করার উদ্যোগের অংশ।

আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে শনিবার নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানে অস্ত্র ও অবৈধ মালামাল পাচারের পথ বন্ধ করাই দলটির প্রধান লক্ষ্য।

স্থলপথে অবরোধ জোরদারের ঘোষণা

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানে টাস্কফোর্স আয়রন গেট পুরোদমে ও কার্যকরভাবে কাজ শুরু করেছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ-অবরোধের পাশাপাশি এই পদক্ষেপের ফলে ইরানে এখন খুব সামান্যই কিছু ঢুকতে বা বের হতে পারছে!’

শনিবারের বিবৃতিতে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই টাস্কফোর্স সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক শক্তি পুনর্গঠনে ইরানের সক্ষমতা আরও সংকুচিত করবে।

বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডাভিত্তিক সামরিক ও বেসামরিক সদস্যদের নিয়ে গঠিত দলটি মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকানো হবে তাদের কাজ।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ওয়াশিংটনের এই প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তেহরানে কোনো অর্থনৈতিক ধস নামাতে পারবে না।

বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির মুখপাত্র হোসেইন মুহিব্বি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন নামে ও নানা পরিকল্পনার আড়ালে যে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা কখনোই বাস্তবায়ন করতে পারবে না।

কোন পথে ইরানে সরবরাহ বন্ধের লক্ষ্য

তেহরানের সামরিক সরবরাহব্যবস্থাকে চাপে ফেলতে স্থলপথ ও কাস্পিয়ান সাগরকে লক্ষ্য করে গঠন করা হয়েছে টাস্কফোর্স আয়রন গেট। সেন্টকমের ভাষ্য, এর মাধ্যমে ইরানে স্থলপথে উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহন বন্ধের চেষ্টা করবে মার্কিন বাহিনী।

এর মধ্যে ইরানের মাটির নিচে বিশাল সামরিক স্থাপনা তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণাও এসেছে। এসব স্থাপনায় বোমা হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রাখা যাবে বলে জানিয়েছে তেহরান।

স্যাটেলাইট ছবিতে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে নতুন নির্মাণকাজের খবর এবং মার্কিন হামলায় ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস না হওয়ার বিষয়ে তেহরানের আগের দাবির মধ্যেই এই ঘোষণা এসেছে।

টাস্কফোর্সের লক্ষ্য কী

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, টাস্কফোর্স আয়রন গেটের লক্ষ্য হবে কোন পথে অস্ত্র ইরানে আসছে, কীভাবে সেসব পথ বন্ধ করা যায় এবং ইরান কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা খুঁজে বের করা।

ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধের পরিধি বাড়িয়ে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকেও এর আওতায় আনার চেষ্টা চলছে। ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে—আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, সমুদ্রে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিশ্ছিদ্র অবরোধের সাফল্য আরও শক্তিশালী করবে এই টাস্কফোর্স।

মুলরয়ের মতে, ট্রাম্প যুদ্ধের তীব্রতা আরও বাড়ালে এসব লক্ষ্যবস্তুতে হামলার জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, অপারেশন এপিক ফিউরি মূলত সামরিক লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল। তবে এবার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো নিশানা হতে পারে। ইরান সরকারের যুদ্ধ চালানোর সক্ষমতা ও নিজস্ব অর্থায়নের পথ বন্ধ করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই তা করা হতে পারে।

তার ভাষ্য, সমুদ্রপথের বেশির ভাগ ইতিমধ্যে অবরুদ্ধ হওয়ায় এখন স্থলপথ বন্ধ করে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধের কৌশল জোরদার করাই এই টাস্কফোর্সের কাজ।

তবে আইআরজিসি মার্কিন পরিকল্পনাকে ‘নিতান্তই শব্দের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে। মুখপাত্র মুহিব্বি বলেন, ওয়াশিংটন এর আগে দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়বে বলে দাবি করেছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

রাশিয়া-ইরান অস্ত্র বাণিজ্যের যোগসূত্র?

সেন্টকমের ঘোষণায় রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র বাণিজ্যের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে—এমন সরবরাহ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ হতে পারে এই নতুন ইউনিট।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে ড্রোনের যন্ত্রাংশ ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া। এ ছাড়া রুশ প্রযুক্তির সহায়তায় ইরান উন্নত প্রযুক্তির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও দাবি উঠেছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস ও রাজনীতির অধ্যাপক মাহজুব জুয়েরি আল জাজিরাকে বলেন, রাশিয়ার মাধ্যমে সামরিক সরঞ্জাম আমদানির খবর যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত উদ্বেগের বিষয়। এ কারণে টাস্কফোর্সের কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সংঘাতের জন্ম দিতে পারে।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো এবং ওয়াশিংটনের আরব সেন্টারের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো রামি খৌরি বলেন, ইরানকে নিয়ে কী করা উচিত, তা যুক্তরাষ্ট্র নিজেই ভালোভাবে জানে না। ফলে তারা পূর্বপ্রস্তুতি ছাড়াই একের পর এক পদক্ষেপ নিচ্ছে, যা খুব একটা সাফল্য বয়ে আনেনি।

ইরানের সরবরাহ পথ বন্ধ করা কতটা সম্ভব

যুক্তরাষ্ট্রের এই অভিযান বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করেন খৌরি। এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে ইরানের হাজার বছরের ইতিহাসের কথা তুলে ধরেন।

তিনি বলেন, হাজার বছর ধরে পুরো অঞ্চল, বিশেষ করে এশিয়াজুড়ে ব্যবসায়ী, অংশীদার ও মিত্রদের সঙ্গে ইরানের বিস্তৃত যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এসব পথের প্রতিটি বন্ধ করে দেওয়া কার্যত অসম্ভব।

খৌরির মতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, কিন্তু রাশিয়া, চীন কিংবা সংযুক্ত আরব আমিরাতসহ অন্য দেশগুলোর আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না। এ অঞ্চলে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা নিছক বাণিজ্যিক যোগাযোগ রয়েছে—এমন অসংখ্য ব্যক্তি ও পক্ষ সক্রিয়।

তিনি আরও বলেন, ইরানের অস্ত্র তৈরিতে ব্যবহৃত অনেক উপকরণ অন্য দেশ থেকে কেনা হয়। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু উপকরণও এশিয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে ঘুরপথে ইরানে পৌঁছায়।

যুদ্ধের মোড় ঘোরাতে পারবে কি নতুন উদ্যোগ

ট্রাম্পের সাবেক সহযোগী ও শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্ট ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের প্রতিবাদে গত মার্চে পদত্যাগ করেন। তাঁর অভিযোগ, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বানচাল করতেই সেন্টকম নতুন এই টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কেন্ট বলেন, ভাইস প্রেসিডেন্ট যখন ইরানিদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন সেন্টকমের এই পদক্ষেপ ইরানকে সংঘাত বাড়ানোর উসকানি দিচ্ছে। তাঁর ভাষায়, এটি ‘পলিসি বাই কনপ’। এর মাধ্যমে সামরিক বাহিনী প্রেসিডেন্টের সরাসরি অবাধ্য না হয়েও কৌশলে হোয়াইট হাউসের সিদ্ধান্ত পাশ কাটিয়ে এমন পদক্ষেপ নেয়, যা যুদ্ধকে আরও উসকে দেয় বা দীর্ঘস্থায়ী করে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশাপাশি সেন্টকম-প্রধান কুপারও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন—এমন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।

অধ্যাপক জুয়েরির মতে, টাস্কফোর্সটি কেবল প্রতীকী পদক্ষেপও হতে পারে। কারণ কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি নেই।

তিনি বলেন, আজারবাইজান বা আর্মেনিয়ার মতো প্রতিবেশী দেশগুলো সহযোগিতা না করলে ওই সাগরে যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ নেই। রাশিয়াকে ক্ষুব্ধ করতে চায় না বলেই এসব দেশ যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সহযোগিতা করবে না। এ ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়নে স্থলভাগে সেনা মোতায়েন করতে হবে, যার সম্ভাবনা খুবই কম।

জুয়েরি আরও বলেন, ইরানের অর্থনীতিতে কাস্পিয়ান সাগরের অবদান মাত্র ১১ শতাংশ। ফলে টাস্কফোর্সের তৎপরতা তেহরানের ওপর খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না।

আল জাজিরা স্বতন্ত্রভাবে এই পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি। তবে নিউইয়র্কভিত্তিক গবেষণা সংস্থা সুফান সেন্টারের তথ্য অনুযায়ী, ইরানের সামগ্রিক সমুদ্রবাণিজ্যের অতি সামান্য অংশই কাস্পিয়ান সাগর দিয়ে পরিচালিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন