মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর নীতি থেকে সরে আসার ইঙ্গিত; তবে কঠোর অভিযান অব্যাহত রাখার কথা বলছে প্রশাসন
মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘বেশি কঠোর’ হয়ে গিয়েছিল। তবে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ এবং অপরাধীদের দেশ থেকে বিতাড়নের ক্ষেত্রে নিজের প্রশাসনের সাফল্যের পক্ষেও কথা বলেছেন তিনি।
রোববার সন্ধ্যায় প্রচারিত সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। গণহারে অভিবাসী বিতাড়নের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও স্বীকার করেন তিনি। তবে তাঁর বক্তব্যের সঙ্গে হোয়াইট হাউস ও স্বরাষ্ট্র দপ্তরের (ডিএইচএস) অবস্থানের স্পষ্ট পার্থক্য দেখা গেছে। তারা এখনো কঠোর অভিযান চালিয়ে যাওয়ার কথা বলছে।
অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের স্বীকারোক্তি
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু রিপাবলিকানদের একই সঙ্গে সাহায্য করেছে এবং ক্ষতিও করেছে।
তিনি বলেন, “সীমান্ত পুরোপুরি বন্ধ করার জন্য আমি মনে করি, আমি এ প্লাস পাওয়ার যোগ্য।” খারাপ লোকদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও নিজের প্রশাসনকে উচ্চ নম্বর দেওয়ার কথা বলেন তিনি।
তবে অভিযানের কঠোরতা নিয়ে ট্রাম্প বলেন, “কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমরা এমন বহু মানুষকেও ধরেছি, যাদের ভালো চাকরি ছিল এবং তাদের একমাত্র অপরাধ বা আইন ভঙ্গের বিষয় ছিল যে তারা অবৈধভাবে দেশে এসেছিল। আমি মনে করি, এটি বেশি কঠোর হয়ে গিয়েছিল।”
কংগ্রেসে বিজয়ী ডেমোক্র্যাটদের সঙ্গে বসে অভিবাসন নিয়ে কিছু করার আগ্রহও প্রকাশ করেন ট্রাম্প। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা জানাননি তিনি।
অথচ এক বছর আগে একই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান যথেষ্ট দূর পর্যন্ত এগোতে পারেনি।
প্রশাসনের অবস্থান এখনো কঠোর
ট্রাম্পের বক্তব্যের বিপরীতে হোয়াইট হাউস ও ডিএইচএস অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, “যেসব অপরাধী অবৈধ অনুপ্রবেশকারী আমাদের সমাজে ত্রাস সৃষ্টি করছে, তাদের গ্রেপ্তার ও বিতাড়নের তৎপরতা বিন্দুমাত্র কমাবে না প্রশাসন।”
একই সুরে ডিএইচএসের এক মুখপাত্র বলেন, “আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কোনোভাবেই পিছু হটছে না বা তাদের গতি কমাচ্ছে না।”
নির্বাচনে অভিবাসন ইস্যুর প্রভাব
নির্বাচনের দিনের বুথফেরত জরিপে দেখা গেছে, অর্থনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পর ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন। টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে কট্টর রক্ষণশীল অঙ্গরাজ্যেও লাতিনো ভোটারদের ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি কংগ্রেসে দলটির বড় জয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অভিবাসন কৌশল পর্যালোচনার পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লেখেন, “আমি আইন প্রয়োগ পদ্ধতির পরিবর্তনের বিষয়ে ইতিবাচক—যেমন যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে, সেই সব ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।”
কট্টর অভিবাসন নীতির রূপকারকে গুরুত্বপূর্ণ পদে ট্রাম্প
তবে অভিবাসন নীতিতে বড় ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিতের মধ্যে গত শুক্রবার ট্রাম্প তাঁর দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে পদোন্নতি দেন। মিলারকে ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে দেখা হয়।
এদিকে আইসের সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছিল। এর আগে দৈনিক লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার।
অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ
চলতি বছর দেশজুড়ে অভিবাসনবিরোধী সাঁড়াশি অভিযানের বিরুদ্ধে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে রেনি গুড ও অ্যালেক্স প্রেত্তি নামে দুই মার্কিন বিক্ষোভকারী নিহত হন।

