অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রত্যাশা: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাবেন, অনলাইনে আবেদন ও লটারি; মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীদের বিনা খরচে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রী জানিয়েছেন, কর্মী বাছাইয়ে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ এবং অনলাইনেই লটারি আয়োজনের পরিকল্পনা করছে সরকার। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানো এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা যাবেন বিনা খরচে

সভায় মন্ত্রী বলেন, “ডিসেম্বর বিজয়ের মাস। আমরা চাচ্ছি এই মাসে কর্মীদের যাত্রা শুরু হোক। প্রথম দুই-তিনটা ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাত্রা শুরু করুক। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কর্মীর চাহিদাপত্র আনার চেষ্টা চলছে। বিনা খরচে কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের কোনো অর্থ দিতে হবে না। দেশের সব সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, “আমরা চিন্তা করছি অনলাইনে বিজ্ঞপ্তি দেব। অনলাইনে তারা সাবমিট করবে, এখানে অনলাইনেই লটারি হবে।”

বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ বিষয়ে রাতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বোয়েসেল।

বেসরকারিভাবে কর্মী পাঠাতে ব্যয় হতে পারে আড়াই থেকে তিন লাখ টাকা

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বেসরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে অভিবাসন ব্যয় সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে বলে প্রস্তাব দেন রিক্রুটিং এজেন্টরা।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি খুব খুশি হয়েছি আপনারা সবাই একমত হয়েছেন যে সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে, দেশবাসী খুশি হবে। আমার মনে হয় আমাদের এদিকে চিন্তাভাবনা করা উচিত।”

সব বৈধ রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ নিশ্চিতের উদ্যোগ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যবসা নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে সমান সুযোগ পায়, সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া কর্মীদের বিদেশে পাঠানোর পর যেকোনো সমস্যা সমাধানে সহায়তা দিতে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা, অতিরিক্ত অর্থ নিলে কঠোর ব্যবস্থা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এ ফি-এর বেশি অর্থ নেওয়া যাবে না বলেও স্পষ্ট করেন তিনি।

মন্ত্রী বলেন, “মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

কর্মীদের ভোগান্তি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক কোনো এজেন্সির অবহেলা বা অনিয়মের কারণে যেন গরিব মানুষ সমস্যায় না পড়ে, সে বিষয়ে সতর্ক নজর রাখার নির্দেশ দেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন