ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গত ২০ বছরে নতুন কূপ খনন না করায় গ্যাসের যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি।
কৃষিতে প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব
দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে স্মার্ট কৃষি ও খাদ্যনিরাপত্তায় প্রিসিশন এগ্রিকালচার বা নির্ভুল কৃষি প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের সম্মান বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এসব উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পানি সাশ্রয় ও সারের সঠিক ব্যবহারে জোর
কৃষিতে পানি ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে মীর শাহে আলম বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ভূগর্ভস্থ পাইপলাইনে পানি সরবরাহ করে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে।
তিনি সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত সার প্রয়োগ রোধ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
উত্তরাঞ্চলে আলুর স্টার্চ কারখানা স্থাপনের পরিকল্পনা
প্রতিমন্ত্রী উত্তরাঞ্চলে উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপর জোর দেন। তাঁর মতে, এ ধরনের কারখানা স্থাপন করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।
পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে উত্তরাঞ্চলের আলু ও সবজি বিদেশে রপ্তানির সুযোগ বাড়বে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
কৃষিতে গবেষণা ও শিল্পের সমন্বয়ের আহ্বান
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক বলেন, কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সময় এসেছে।
তিনি কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণসহ বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

