বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মিরপুরে চলন্তিকা মোড়ে হাতবোমা বিস্ফোরণ, কুরিয়ারকর্মীর শরীরের ২০ শতাংশ দগ্ধ

চলন্তিকা মোড়ে বিস্ফোরণে কুরিয়ারকর্মীর শরীরের ২০ শতাংশ দগ্ধ; একই দিনে বিটিভি ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানীর মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে জোড়া হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মো. পাপন নামে এক কর্মী আহত হয়েছেন। তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আহত পাপনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেলে এসে হাতবোমা ছুড়ে পালানোর অভিযোগ

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে বিভিন্ন পার্সেলের বস্তা স্তূপ করে রাখা ছিল। সেখানে কর্মীরা কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পরপর দুটি হাতবোমা ছুড়ে পালিয়ে যান।

ব্যবসায়িক দ্বন্দ্বের সম্ভাবনা দেখছে পুলিশ

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, কুরিয়ার সার্ভিসটির প্রধান কার্যালয়ের সামনেও এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বিটিভি ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণ

এদিকে মঙ্গলবার সন্ধ্যার আগে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, কে বা কারা হাতবোমা ছুড়ে মারলে সেটির বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন