কুমিল্লা-সিলেট মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা; ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু
কুমিল্লার দেবিদ্বারে মায়ের সামনেই ট্রাকচাপায় মিনহা নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোট শালঘর এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। তার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
নানার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার
পুলিশ জানায়, মিনহা তার মা জুলেখা আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারের একটি হাসপাতালে যান জুলেখা আক্তার। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানিও ছিলেন।
চিকিৎসা শেষে তাঁরা অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় অটোরিকশা থেকে নামার পর স্বজনেরা ভাড়া পরিশোধ করছিলেন।
মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপা
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বজনেরা ভাড়া পরিশোধ করার সময় মিনহা তাঁদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ, নেওয়া হবে আইনগত ব্যবস্থা
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দুর্ঘটনার খবর পেয়ে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

