দাদার সঙ্গে মাঠে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে যায় আরশ; হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।
বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে যায় শিশু
পুলিশ জানায়, সকালে দাদার সঙ্গে বাড়ির পাশের মাঠে ঘুরতে যায় আরশ। পরে দাদা তাকে বাড়িতে ফিরে যেতে বললে শিশুটি বাড়ির দিকে রওনা হয়। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে।
শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা। পরে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. আশরাফুজ্জামান (সজিব) জানান, শিশুটিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপমৃত্যুর মামলা, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পানিতে ডুবে শিশু আরশের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

