অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

ঢামেকে চোর আটক, মিটফোর্ডে হারানো টাকা মালিককে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

ঢাকা মেডিকেলে রোগীর মোবাইল ও নগদ টাকা চুরির সময় একজন আটক, মিটফোর্ডে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হলো উদ্ধার করা টাকা

রাজধানীর দুটি সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে সততা ও তৎপরতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর মোবাইল ফোন ও নগদ টাকা চুরির সময় একজনকে আটক করেছেন তাঁরা। অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৪ হাজার টাকা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।

রোববার (১ নভেম্বর) সকালে পৃথক এ দুটি ঘটনা ঘটে বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢামেকে চুরির সময় একজন আটক

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ড থেকে এক রোগীর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালানোর সময় সলেমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন কর্তব্যরত আনসার সদস্য মো. কবির ও আনসার সদস্য আল আমিন।

তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। আটক সলেমানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিটফোর্ডে উদ্ধার ৪ হাজার টাকা ফেরত

অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে মিটফোর্ড হাসপাতালের ১ নম্বর জরুরি বিভাগের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার টাকা পান টহলরত আনসার সদস্য এপিসি মো. হাসান, আনসার সদস্য মো. সাইদুল ইসলাম ও মো. মোয়াজ্জেম।

টাকা পাওয়ার পর তাঁরা হাসপাতালজুড়ে বিষয়টি প্রচার করেন। প্রায় আধঘণ্টা পর, সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর থেকে আসা ফজলুল হক নামে এক ব্যক্তি উপযুক্ত প্রমাণসহ টাকাটির মালিকানা দাবি করেন। কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়।

হাসপাতালে নিরাপত্তা ও সেবায় আনসার সদস্যরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ব্যস্ত সরকারি হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোগীদের সেবার পাশাপাশি তাঁরা জননিরাপত্তা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন