অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার মন্তব্য, আদালতে জবানবন্দি সিদ্দিকের

সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ; সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছিলেন ডিবির কর্মকর্তা

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি সংবলিত ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাত দিনের রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই ইয়াছিন পাইক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

পবা থেকে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

গত ২১ অক্টোবর গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২৩ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মানিক হোসেন রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

বাসের ছবি নিয়ে পোস্ট, মন্তব্যে স্নাইপারের প্রসঙ্গ

গত ২০ অক্টোবর বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন।

এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। পরে ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে একই বাসে করে শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী।

ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে আলোচনা

প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?”

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়। এ ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন