শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নরসিংদী হাসপাতালে রোগীর মালামাল ছিনতাই, ধারালো চাকুসহ আটক যুবক

আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে মোবাইল ও মানিব্যাগ উদ্ধার; পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগে আবির (২৭) নামে এক যুবককে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ছিনতাই করা মালামাল নিয়ে পালানোর সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। এ সময় একটি ধারালো চাকুও জব্দ করেন আনসার সদস্যরা।

আনসার সদস্যদের অভিযানে মালামাল উদ্ধার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের দায়িত্বরত অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) সেলিম মিয়া ও সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. বিল্লাল হোসেনের তাৎক্ষণিক উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধার করা মোবাইল ফোন ও মানিব্যাগ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে আটক যুবককে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।

পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর হাসপাতালে এক মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়। আটক যুবকের পরিবারের সদস্যরা সেখানে পৌঁছালে তাঁদের অসহায়ত্ব ও আর্থিক সংকটের বিষয়টি সামনে আসে।

পরিবারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক কারণে মুচলেকা ও সামান্য জরিমানা আদায় করে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সরকারি হাসপাতালে নিরাপত্তায় আনসার সদস্যরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে তাঁদের নিষ্ঠা ও পেশাদারিত্বের উদাহরণ হিসেবে ঘটনাটিকে উল্লেখ করেছে বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন