বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দুই বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভিয়েতনামে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’ ও ‘ই-কনটেন্ট’ বিভাগে শিরোপা, ই-কম্বিনেশনে ব্রোঞ্জ পদক অর্জন

প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬’-এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। ভিয়েতনামের দা নাং শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ‘বেস্ট চ্যাপরন’ ও ‘ই-কনটেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি ‘ই-কম্বিনেশন’ বিভাগে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার সদস্যের বাংলাদেশ দল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সিএসআইডির যৌথ উদ্যোগে চার সদস্যের বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

দলের প্রতিযোগীরা হলেন—দৃষ্টিপ্রতিবন্ধী ক্যাটাগরিতে মো. শাকিল মিয়া, শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরিতে শেখ ইয়ামিন আহসান, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ক্যাটাগরিতে উম্মে হাবিবা বিন্তি এবং নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ক্যাটাগরিতে আরিয়ান ইসলাম।

নয় দেশের প্রায় ৭০০ প্রতিযোগীর অংশগ্রহণ

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের দা নাং শহরে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ জন প্রতিবন্ধী তরুণ-তরুণী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডির পরিচালক ইফতেখার আহমেদ।

আন্তর্জাতিক আয়োজনে একাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজাতন্ত্রী কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিক্স, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করছে। এতে পৃষ্ঠপোষকতা করছে প্রজাতন্ত্রী কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।

আয়োজকদের লক্ষ্য, প্রতিবন্ধী তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের অংশগ্রহণ বাড়ানো।

অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতায় বাংলাদেশের অর্জন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য দেশের প্রতিবন্ধী তরুণ-তরুণীদের ডিজিটাল দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে সক্ষমতার পরিচয় তুলে ধরেছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের গুরুত্বও সামনে এনেছে এ অর্জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন