বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বারিধারায় শ্রমিকের মৃত্যু: ১৭ বছর বয়সী কিশোরের জামিন

দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান মিমের মৃত্যুর মামলায় দুই হাজার টাকার মুচলেকায় জামিন

রাজধানীর বারিধারায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমের (২৪) মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী এক কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির দুই হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানিতে কিশোরটির আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে পাঠানো হয়েছিল শিশু-কিশোর সংশোধনাগারে

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে সেদিন আদালত জামিন নামঞ্জুর করে তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফুটপাতে বিশ্রামের সময় প্রাইভেটকারের চাপা

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে তাকে চাপা দেয়।

গুরুতর আহত মিমকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে উপস্থিত লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

মামলায় চালক হিসেবে অন্য ব্যক্তির নাম, পরে কিশোরকে পুনরায় হেফাজতে নেয় পুলিশ

পরদিন ২৩ সেপ্টেম্বর নিহত মিমের ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় গাড়ির চালক হিসেবে আকাশ মারক নামের এক ব্যক্তিকে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে ২৩ সেপ্টেম্বরই গুলশান থানা পুলিশ কিশোরটিকে পুনরায় নিজেদের হেফাজতে নেয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন