মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ মক্কার কাছে

সৌদি আরবের দাবি, মক্কা-মদিনাসহ কয়েকটি শহর লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে

ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কা নগরীর কাছাকাছি এলাকায় পড়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শনিবার ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কার পূর্ব দিকে ওয়াদি আল মুগাম্মাস উপত্যকায় পড়ে। আরাফাত ময়দানের উত্তর-পশ্চিম সীমান্তের এই উপত্যকা থেকে পবিত্র কাবা শরিফের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার বলে জানিয়েছে আরব নিউজ।

জেদ্দা ও তায়িফেও পড়েছে ধ্বংসাবশেষ

সৌদি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি স্থানে পড়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে জেদ্দার আল নুজহা মহল্লা, তায়িফের ওয়াদি জলিল এবং জেদ্দার উত্তর-পশ্চিমে অবস্থিত রাবিঘ প্রশাসনিক অঞ্চল।

তবে ধ্বংসাবশেষের আঘাতে কেউ হতাহত হয়েছেন কি না বা কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সিভিল ডিফেন্সের বিবৃতিতে কিছু জানানো হয়নি।

রিয়াদ, তায়িফ ও ইয়ানবুকে লক্ষ্য করে হামলার দাবি

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী শনিবার রাতে জানায়, হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ, পশ্চিমাঞ্চলীয় শহর তায়িফ এবং মদিনা প্রদেশের ইয়ানবু শহর লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জোট বাহিনীর দাবি, সেগুলো বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া শনিবার ভোররাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট বাহিনী।

সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা

সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে সৌদির বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন