মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হুতিদের হামলার পর দুই সপ্তাহ বন্ধ থাকা রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। রোববার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরটির দুটি টার্মিনালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ২৫ অক্টোবর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২ নম্বর টার্মিনাল সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে।

চলতি অক্টোবরের শুরুতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রায় দুই সপ্তাহ সেখানে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ ছিল।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। চলতি মাসে বিমানবন্দরটিতে সংঘটিত একটি ভয়াবহ হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

এসব হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগে বিঘ্ন ঘটে।

দীর্ঘ বিরতির পর দুটি টার্মিনালে ফ্লাইট পরিচালনার ঘোষণা সৌদি আরবের বিমান যোগাযোগ স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিমানবন্দরটির সব টার্মিনালে পূর্ণাঙ্গ কার্যক্রম কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন