সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১

অস্ত্র, মাদক, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ; ৪১টি মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তার

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৮ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ত্র, মাদক ও জাল নোট জব্দ

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত একটি গুলির অংশ, তিনটি চাকু ও আটটি রড জব্দ করা হয়েছে।

এ ছাড়া এক কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জব্দ করেছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড। অভিযানে নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন