চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তিনি বলেন, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুড়েছে মসজিদ ও বিভিন্ন দোকান
নুরুল করিম জানান, আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

