তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মসূচি পুনরায় শুরুর ঘোষণা, পর্যটকদের বুধবারের মধ্যে সাজেক ছাড়ার আহ্বান
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে রাঙ্গামাটির দীঘিনালা–সাজেক সড়কে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের (২১ অক্টোবর) মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দুর্গাপূজার কারণে স্থগিত ছিল অবরোধ
বিবৃতিতে বলা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদ্যাপন কমিটির অনুরোধ এবং দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ছয় দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল। একই সময়ে তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে সময় দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে পুনরায় অবরোধ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সশস্ত্র তৎপরতার অভিযোগ
বিবৃতিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা এখনো এলাকায় অবস্থান করছেন। সংগঠনটির সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের মাচলং এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, মৃত্যুর হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে স্থানীয় শতাধিক সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। গ্রামবাসীদের ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে জেএসএসের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন জানিয়েছে, এলাকার জনগণের নিরাপত্তা এবং জানমাল রক্ষা নিশ্চিত করা ও জেএসএসের সশস্ত্র সদস্যদের ওই এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
একই সঙ্গে সাজেক পর্যটন কেন্দ্রে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে সাজেক ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
১১ অক্টোবর থেকে অবরোধ
জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন গত ১১ অক্টোবর থেকে দীঘিনালা–সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে।
এরপর দুই দফায় কর্মসূচি স্থগিত করা হলেও তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

