বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জেরে নিউ মেক্সিকোর আদালতের রায়, আপিলের ঘোষণা মেটার

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি অন্যতম বড় আর্থিক জরিমানা বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য সংগ্রহের ঘটনা থেকে মামলাটির সূত্রপাত। নিউ মেক্সিকোর অভিযোগ, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারা দেখতে ও ব্যবহার করতে পারতেন, সে বিষয়ে মেটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।

রায়ের তিন সপ্তাহের বেশি সময় পর বুধবার (২১ অক্টোবর) দেওয়া আদেশে বিচারক ফ্রান্সিস ম্যাথিউ লেখেন, ‘বছরের পর বছর ধরে ফেসবুকের অনিয়ম হয়েছে এবং তা পরিকল্পিতভাবে জনসমক্ষে প্রচার করা হয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।’

২১৯ বিলিয়ন ডলারের বেশি জরিমানার ভিত্তি, নির্ধারণ ২৫ বিলিয়ন

অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, মেটার বিরুদ্ধে ২১৯ বিলিয়ন ডলারের বেশি জরিমানা আরোপের ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেন বিচারক। তবে শেষ পর্যন্ত জরিমানার পরিমাণ কমিয়ে ২৫ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করে তা বাতিল করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মেটার প্রধান আইন কর্মকর্তা সি জে মাহোনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই রায় এবং অ্যাটর্নি জেনারেলের পদক্ষেপের ফলে নিউ মেক্সিকোতে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। মূলত এই মামলার মাধ্যমে অনলাইনে মানুষ কী বলতে পারবে, সে বিষয়ে নতুন নিয়ম কার্যকর করতে মতপ্রকাশের ওপর কর আরোপের চেষ্টা করা হচ্ছে।’

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ বলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে বাকি ছিল। আলবুকার্কিতে বুধবারের রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের রায় অতীতের সেই অবস্থান থেকে স্পষ্ট বিচ্যুতি। প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোসহ সংশ্লিষ্ট সবার জন্য এটি একটি পরিষ্কার সতর্কবার্তা। আমরা আমাদের জনগণ ও ভোক্তাদের সুরক্ষা দিতে চাই।’

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সূত্রপাত

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০২১ সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মেটার বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়, তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে ক্যামব্রিজ অ্যানালিটিকা সর্বোচ্চ ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল।

মামলায় আরও অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের তথ্য কারা ব্যবহার করতে পারতেন, সে বিষয়ে মেটা মিথ্যা তথ্য দিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

অভিযোগ অনুযায়ী, মেটা জানত যে তৃতীয় পক্ষের হাতে ব্যবহারকারীদের তথ্য পৌঁছানোর অবাধ সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক লাভের স্বার্থে প্রতিষ্ঠানটি বিদ্বেষমূলক বক্তব্য ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টের বিস্তার সহ্য করেছে।

বর্তমানে বিলুপ্ত ক্যামব্রিজ অ্যানালিটিকা এসব তথ্য ব্যবহার করে ভোটারদের প্রোফাইল তৈরি এবং নির্দিষ্ট ভোটারদের লক্ষ্য করে নির্বাচনী প্রচারণা চালাত।

জুরিদের হিসাবে ৪ কোটি ৩০ লাখের বেশি আইন লঙ্ঘন

গত সেপ্টেম্বরে বিচার চলাকালে জুরিরা সিদ্ধান্তে পৌঁছান, তথ্যের গোপনীয়তা ও বিদ্বেষমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে মেটা ও এর নেতৃত্ব ২৬টি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল।

জুরিদের হিসাব অনুযায়ী, এসব বক্তব্যের সম্ভাব্য শ্রোতা ও দর্শকের সংখ্যা বিবেচনায় মেটা নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখের বেশি বার লঙ্ঘন করেছে।

গত ১ অক্টোবরের শুনানিতে নিউ মেক্সিকোর আইনজীবী র‌্যান্ডি ম্যাকগিন বিচারক ম্যাথিউর কাছে ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলার জরিমানার আবেদন করেন। তিনি বলেন, ‘আদালতের উচিত মেটাকে এমন ভাষায় জবাব দেওয়া, যে ভাষা প্রতিষ্ঠানটি বোঝে। সেই ভাষা হলো অর্থ এবং শেয়ারের দামের মূল্য।’

অন্যদিকে, আদালতে দেওয়া নথিতে মেটা জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে সীমিত রাখার আবেদন করেছিল। প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, তারা ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না এবং কোনো ব্যবহারকারী বাস্তবে বিভ্রান্ত হয়েছেন—নিউ মেক্সিকো এমন কোনো প্রমাণ দিতে পারেনি।

আগের জরিমানা ও নতুন আইনি চাপ

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জেরে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) মেটাকে ৫ বিলিয়ন ডলার জরিমানা করেছিল।

এ ছাড়া একই ঘটনায় দায়ের হওয়া মামলায় গত আগস্টে ছয়টি অঙ্গরাজ্যের সঙ্গে ১৭ দশমিক ১ বিলিয়ন ডলারের সমঝোতার অংশ হিসেবে মেটা মোট ৪৫৯ দশমিক ২ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর মেটার প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাবের অভিযোগে ওঠা দাবিগুলোর নিষ্পত্তিতেও ওই সমঝোতা করা হয়েছিল।

বর্তমানে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রভাব নিয়ে মেটা হাজারো মামলার মুখোমুখি। এ নিয়ে আইনপ্রণেতাদের চাপও বাড়ছে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত আরেকটি মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন