সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মিরপুর বিআরটিএতে দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত গাড়িসংক্রান্ত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে মো. আ. সাত্তার (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে আসে, এক ব্যক্তি সেবাগ্রহীতাদের গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণ করছেন। পরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে আনসার সদস্যরা দালালবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আনসারের পিসি মো. মফিজ উদ্দিনের পাশাপাশি সদস্য পবিত্র সিংহ চন্দ্র, শাহীন আলম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ অংশ নেন।

আটকের পর আ. সাত্তারকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সেখানে উপস্থিত সেবাগ্রহীতারা।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন