অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ওই দিন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অভিযোগকে কেন্দ্র করে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পাশাপাশি মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অন্যদিকে, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি-সংক্রান্ত বিরোধে সংশ্লিষ্ট এক পক্ষকে কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়ার অভিযোগ ওঠে মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। নোটিশে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ওই পক্ষের অনুপস্থিতিতেই জমি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হলে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

পরে কারণ দর্শানোর প্রক্রিয়া শেষে জেলা বিএনপি তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। তারা এখন থেকে দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন