মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

নানাবাড়িতে বেড়াতে গিয়ে দুর্ঘটনা

স্বজনরা জানান, আব্দুর রহমান দুই দিন আগে পরিবারের সঙ্গে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে পড়ে যায় সে।

বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন