রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগ থেকে ৩৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬১ জন, মিরপুর বিভাগ থেকে ৮১ জন, গুলশান বিভাগ থেকে ২৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
অস্ত্র ও গুলি উদ্ধার
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি বিদেশি রিভলভার ও ৪ রাউন্ড রিভলভারের গুলিও উদ্ধার করা হয়েছে।
ইয়াবা, গাঁজাসহ মাদক উদ্ধার
পুলিশের অভিযানে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযান থেকে ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

