মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, তীব্র প্রতিবাদ জামায়াত নেতা জুবায়েরের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক আহত হয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

হামলায় আহত সাংবাদিকরা হলেন—আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু।

বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতি থাকা সত্ত্বেও ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলাকারীদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের কাছে সোপর্দ না করার বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন