শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বাউফলে মানববন্ধন


ইসলামী ব্যাংকের পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাউফল-কালাইয়া সড়কের সৌদিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নুর আলম, হাফেজ রুহুল আমিনসহ ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা বলেন, একটি ব্যাংকের সুষ্ঠু ও কার্যকর পরিচালনার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ প্রয়োজন।তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পরিচালনা পর্ষদে যোগ্য, দক্ষ, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানান তারা।মানববন্ধন থেকে বক্তারা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা, ব্যাংকিং সেবার মান বৃদ্ধি এবং ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান।এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় সচেতন নাগরিক এবং ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন