পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করে পালানোর সময় মোঃ শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ রুহুল আমিন ওই নারী রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির বিষয়টি টের পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে চুরি করে পালানোর সময় শফিকুল ইসলামকে আটক করেন।
পরে আটক ব্যক্তির কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা সংশ্লিষ্ট নারী রোগীর কাছে ফিরিয়ে দেওয়া হলে তিনি হারানো টাকা ফিরে পেয়ে আনসার সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেবাপ্রত্যাশী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

