শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফ বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব

পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা • নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখতে সম্মত দুই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ৩৪তম তলায় দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র ও বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান ও শাহবাজ শরিফ।

দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর সফরসূচিতে পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অভিযোজন অর্থায়ন, জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

আজই জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন