চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান • ‘একই ভুল করলে জনগণ আমাদেরও বিদায় করে দেবে’ • বাকি জীবন মানুষের জন্য কাজ করার প্রত্যয়
দেশের উন্নয়ন শুধু অর্থ বা প্রশাসনের ওপর নির্ভর করে না, রাজনৈতিক নেতৃত্বের মানও এর সঙ্গে গভীরভাবে জড়িত—এমন মন্তব্য করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, “এই দেশ তখনই উন্নত হবে, তখনই ভালো হবে, যখন আমরা নেতারা ভালো হব।”
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন বিএনপি আয়োজিত গণসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
দল ক্ষমতায় থাকার সুযোগকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার প্রতিযোগিতায় পরিণত না করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, নেতারা যদি নিজেদের জন্য সুযোগ-সুবিধা পাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন, তাহলে জনগণ তা মেনে নেবে না। শেষ পর্যন্ত জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।
আগের সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, অতীতের মতো একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে বর্তমান নেতৃত্বকেও জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়তে হবে।
ফজলুর রহমানের বক্তব্যে মূলত দলীয় নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান উঠে আসে। তিনি বলেন, নেতারা নিজেদের জন্য সবকিছু চাইলে সাধারণ মানুষ বঞ্চিত হবে। তাই নেতৃত্বের মান আরও উন্নত করতে হবে।
‘বাকি জীবন মানুষের জন্য দিয়ে যেতে চাই’
নিজের বয়স ও রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়েও সমাবেশে কথা বলেন ফজলুর রহমান। তিনি জানান, নয় দিন পর তাঁর বয়স ৭৯ বছর হবে। জীবনের আর কতটা সময় বাকি আছে তা তাঁর জানা নেই; তবে অবশিষ্ট জীবন মানুষের জন্য কাজ করে যেতে চান।
অর্থ ও ব্যক্তিগত সুযোগ-সুবিধার চেয়ে সৎ ও জনমুখী নেতৃত্বকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু অর্থ দিয়ে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়; একইভাবে প্রশাসনের পক্ষেও একা সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
দলের নেতাকর্মীদের আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি তাদের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথাও স্মরণ করেন। আগে দেশ ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
ফজলুর রহমান বলেন, বর্তমান নেতৃত্ব যদি আগের সরকারের তুলনায় ভালো কাজ, উন্নত নেতৃত্ব ও বেশি উন্নয়ন মানুষের সামনে দৃশ্যমান করতে পারে, তাহলে জনগণের সমর্থন পাওয়া সম্ভব হবে।
গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ কাস্তুল ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

