পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের নেতৃত্বে মিছিলটি মালঞ্চি রেলগেট অতিক্রম করে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি অহিদুজ্জামান নাদিম, থানা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক লিটন আলী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব আলী পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আমিরুল ইসলাম জামাল অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে তা মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।

