রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ জামে মসজিদে সন্দেহজনকভাবে একত্রিত হওয়ার অভিযোগে ২৩ জনকে আটক করে সিটিটিসি। পরে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে ১১ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ১২ জনের বিরুদ্ধে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর হক দিদার আদালতকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়ার দাবি করা হয়েছে। তারা কী উদ্দেশ্যে মসজিদে একত্রিত হয়েছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, তাদের সঙ্গে উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততা এবং কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল কি না, সে বিষয়েও তদন্ত করা প্রয়োজন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের মসজিদে একত্রিত হওয়ার কারণ, কথিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং অন্যান্য অভিযোগের বিষয়ে তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা।

