কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতনামা পুরুষের প্রকৃত পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন ৪ নম্বর বারপাড়া ইউনিয়নের কুমিল্লা-লাকসাম সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় ২০২৫ সালের ১৪ নভেম্বর মামলা করা হয়। মামলাটির নম্বর ১৫ এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় এটি রুজু করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটন ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। তবে এখন পর্যন্ত তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করা জরুরি বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই কুমিল্লা জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে প্রদর্শিত অজ্ঞাতনামা পুরুষকে কেউ চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তার মোবাইল নম্বর: ০১৭৮৫-৯০০-৯০০।
নিহতের পরিচয় শনাক্তে প্রাপ্ত যেকোনো তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে পিবিআই।

