আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, হারুন অর রশিদ রাহাত খান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মধ্যে থাকা বিভেদ ও ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া, জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ দলের নীতি ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের শক্তিশালী সাংগঠনিক অবস্থান আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়।

