অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা–রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, প্রস্তুতি দেখতে মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতারা

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা–রংপুর লংমার্চ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুরে বিশেষ বৈঠক করেছেন দলটির নেতারা। পরে লংমার্চের কর্মসূচিকে সামনে রেখে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জামায়াতের রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে লংমার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে যান মাওলানা আবদুল হালিম। এ সময় তিনি মাঠের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কর্মসূচির প্রস্তুতি নিয়ে কথা বলেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান এবং বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম।

এ ছাড়া শিল্পপতি আব্দুস সাত্তার শাহ, শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, জামায়াত নেতা বেলাল ও কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা আবদুল হালিম। এ সময় তিনি আসন্ন ঢাকা–রংপুর লংমার্চের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে রংপুরে সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন