অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত মির্জা ফখরুলের

সহধর্মিণী রাহাত আরা বেগমও সফরসঙ্গী • ওসমানী বিমানবন্দরে মন্ত্রী-এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভ্যর্থনা • বিকেলে নগর ভবনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন

সিলেট: রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।

এক দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।

সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি খাদিমনগরে হজরত শাহ পরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর।

এক দিনের সফরের পরবর্তী কর্মসূচিতে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন