শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় দায়িত্ব পালনকালে এপিসি মো. সুমন রানা ও আনসার সদস্য মো. শাকিল বিশ্বাস একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান। ব্যাগটি পড়ে থাকতে দেখে তারা সেটি নিজেদের হেফাজতে নেন এবং প্রকৃত মালিককে শনাক্ত করে হস্তান্তরের উদ্যোগ নেন।

পরে ব্যাগের ভেতরে থাকা বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে এর প্রকৃত মালিককে শনাক্ত করা হয়। যাচাই শেষে যথাযথ প্রক্রিয়ায় হ্যান্ডব্যাগটি তার মালিকের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।

উদ্ধার করা হ্যান্ডব্যাগের ভেতরে ছিল দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুই জোড়া স্বর্ণের দুল এবং নগদ ২০ সৌদি রিয়াল। মূল্যবান এসব সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রী মো. শাকিল হোসেন। একই সঙ্গে তিনি দায়িত্বশীলতা ও সততার সঙ্গে ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, হারানো ব্যাগটির মালিক মো. শাকিল হোসেন কুমিল্লা জেলার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের শাহ আলম ও স্বপ্না বেগমের ছেলে।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের সহযোগিতা এবং হারানো মালামাল উদ্ধারে আনসার সদস্যদের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে। দায়িত্ব পালনকালে পরিত্যক্ত ব্যাগটি নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করে মূল্যবান সামগ্রীসহ তা ফেরত দেওয়ার ঘটনায় তাদের সততা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর সদস্যরা সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিমানবন্দরে যাত্রীর হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি দায়িত্ব পালনে আনসার সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন