বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পিস্তলের চার্জারসহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় লেকের পানিতে থাকা গুলি ও চার্জার শনাক্ত করা সম্ভব হয়। পরে উদ্ধারকৃত সামগ্রীগুলো হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচের লেক থেকে এসব গুলি ও চার্জার উদ্ধার করা হয়।

ঘটনাসূত্রে জানা যায়, মো. সেলিম নামে একজন অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো লেকের পানিতে নেমে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছিলেন। পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণ, অলংকার ও কয়েনসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিক্রি করেন তিনি।

এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপনের নজরে পড়ে ডুবুরির গতিবিধি। পানির নিচ থেকে ডুবুরি কী সংগ্রহ করছেন তা দেখতে তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।

একপর্যায়ে ডুবুরি পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জারসহ কিছু গুলিসদৃশ বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি পানির নিচ থেকে গুলিসদৃশ বস্তু পাওয়ার কথা জানান। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধারকৃত সামগ্রীগুলো ওপরে আনা হয়।

পরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত বস্তুগুলো পিস্তলের গুলি। পরে একটি পিস্তলের চার্জারসহ মোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরে সংশ্লিষ্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত চার্জার ও ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।

আনসার সদস্যের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে লেকের পানিতে থাকা আগ্নেয়াস্ত্রের গুলি ও চার্জার শনাক্ত করে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া এসব সামগ্রী কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন