বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল

রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন যানবাহনের নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস এবং মালিকানা পরিবর্তনসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ধানমন্ডির জিগাতলা এলাকার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।

অভিযানে আনসার সদস্যদের মধ্যে পিসি মো. অপু সারোয়ার, আনসার সদস্য ইদ্রিস আলী ও আনসার সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিআরটিএ কার্যালয়সহ বিভিন্ন সরকারি সেবাকেন্দ্রে দালালদের অপতৎপরতার কারণে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান দালাল চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি সেবা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সহায়ক ভূমিকা রাখছে।

জনসাধারণের নিরাপত্তা ও সেবাপ্রত্যাশীদের স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করছেন। দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আনসার সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন