শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশকে ছাড়িয়ে যেতে পারে।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক প্রতিবেদনে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাসের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়াতে পারে প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে। একই সময়ে মালয়েশিয়ার অর্থনীতির আকার ৬৭২ দশমিক ৫ বিলিয়ন, ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন এবং থাইল্যান্ডের ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এ ছাড়া ইউরোপের দেশ ডেনমার্কের অর্থনীতির আকার ২০৩০ সালে প্রায় ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে চীন, যার অর্থনীতির আকার হতে পারে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাসও দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে জার্মানির জিডিপি দাঁড়াতে পারে প্রায় ৬ হাজার ১৭৮ বিলিয়ন ডলার এবং ভারতের প্রায় ৬ হাজার ১৭৩ বিলিয়ন ডলার। অর্থাৎ দুই দেশের অর্থনীতির ব্যবধান থাকতে পারে মাত্র ৫ বিলিয়ন ডলার।

একই সময়ে যুক্তরাজ্যের অর্থনীতির আকার প্রায় ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতি ২০৩০ সালেও বৈশ্বিক জিডিপির বড় অংশ নিয়ন্ত্রণ করবে। এ পাঁচ দেশের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন বৈশ্বিক জিডিপির প্রায় ৫৩ দশমিক ৩ শতাংশ হতে পারে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রের অংশ থাকবে বৈশ্বিক অর্থনীতির এক-চতুর্থাংশেরও বেশি।

এ ছাড়া জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা বিশ্বের ১০ বৃহত্তম অর্থনীতির তালিকায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে। এর ফলে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তবে অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পূর্বাভাস বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর প্রবৃদ্ধি, বিনিয়োগ, মূল্যস্ফীতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশসহ বিভিন্ন বিষয়ের ওপর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন