শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি তিনি ব্যর্থ হয়েছেন—এমন প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো—বুঝতে পারিনি।’

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং কোনো কোনো ঘটনায় আরও কম সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ—এ ধরনের ঢালাও মন্তব্য সংসদে গ্রহণযোগ্য নয়। সংসদে তথ্য-প্রমাণের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, কোনো নির্দিষ্ট ঘটনা বা অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণসহ প্রশ্ন উত্থাপন করা হলে সংসদের ৩০০ বিধিতে এ বিষয়ে বিবৃতি দেওয়া যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিয়ে অধিবেশনের কার্যক্রম এগিয়ে নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমরকে প্রশ্ন করার সুযোগ দেন।

পরে অর্থমন্ত্রীর পক্ষে তার প্রশ্নের উত্তর দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এরপর অন্যান্য প্রশ্নোত্তরের মাধ্যমে সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি সম্প্রতি সরকারদলীয় সংসদ সদস্যসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা এবং এসব ঘটনার পর বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে সরকারের নেওয়া আইনি পদক্ষেপ জানতে চান।

সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবকে কেন্দ্র করে এদিনের প্রশ্নোত্তর পর্বে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন