বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কানাইঘাটে কাতার দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন।

গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, শুধু আর্থিক অনুদান দিয়েই সরকারের দায়িত্ব শেষ হবে না। নিহত প্রবাসীদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

নিহত পরিবারগুলোর শিশুদের শিক্ষার ব্যয় বহনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, যারা যুবকদের প্রলোভন দেখিয়ে সাগরপথে বা অন্যান্য ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, তাদের তথ্য প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের দালালদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত নারী আসন-২২-এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন