শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন—সিবিএ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সিবিএর সভাপতি মো. আজিজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) মির্জা গোলাম কিবরিয়া এবং প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আজিজুল আলম খান বলেন, ‘ম্যানেজমেন্টের অবহেলায় আজকে শাহরিয়া খান শামীমকে মৃত্যুবরণ করতে হলো। আজকে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যে অবহেলামূলক আচরণ করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

‘আমরা এমন দুর্ঘটনা আর চাই না। আমরা অতিসত্বর ওয়াসার ১০ নম্বর অঞ্চলের যেসব কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত, সে যে-ই হোক না কেন, তাদের প্রত্যাহার করে শাস্তির আওতায় আনতে হবে,’ বলেন তিনি।

শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে উল্লেখ করে তিনি এসব দাবি আদায়ে আগামী রবিবার কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ওই দিন প্রতি জোনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর দুপুর ১২টা থেকে ঢাকা ওয়াসার সেন্ট্রাল অফিসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি-দাওয়া সমাধান করা না হলে ভবিষ্যতে ঢাকা ওয়াসায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে সতর্ক করেন আজিজুল আলম খান।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা ওয়াসায় যুবলীগ, ছাত্রলীগসহ ‘ফ্যাসিস্টের দোসরদের’ প্রত্যাহার করতে হবে।

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে শ্রমিকদের অবহেলা করা মানে জিয়াউর রহমানকে অবহেলা করা, বিএনপিকে অবহেলা করা,’ বলেন তিনি।

সমাবেশে শ্রমিক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ১২ দফা দাবি তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে উল্লেখ করা সুবিধাজনক অবস্থানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে প্রত্যাহার করে বিচারের আওতায় আনা, কর্মঘণ্টা অনুযায়ী ওভারটাইম দেওয়া, ‘ফ্যাসিস্ট সরকারের’ আমলে বাতিল করা ডাবল রেটের ওভারটাইম পুনরায় চালু করা এবং সব এপিওকে একই চিঠিতে পিও ঘোষণা করা।

এছাড়া এপিও থেকে চলতি দায়িত্বপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটরদের দ্রুত পোস্টিং, এপিও থেকে পিও পদে চলতি দায়িত্বপ্রাপ্তদের নিয়মিতকরণ এবং পিও থেকে রাজস্ব পরিদর্শকের চলতি দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত করার দাবি জানানো হয়।

‘ফ্যাসিস্ট আমলে’ বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি, মাস্টাররোল কর্মচারীদের নিয়মিতকরণ এবং সব আউটসোর্স কর্মচারীকে মাস্টাররোলের আওতায় এনে চাকরির নিশ্চয়তা দেওয়ারও দাবি জানানো হয়। একইসঙ্গে তাদের লিভারেজ ও ওভারটাইমের আওতায় আনা এবং আউটসোর্স নীতিমালা-২০২৫ অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার দাবি রয়েছে।

কর্মচারীদের কোয়ার্টারের নীতিমালা সংশোধন এবং পাম্প চালকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া ‘ফ্যাসিস্টের দোসর’ ও সুবিধাভোগী কিছু ব্যক্তি সরকারের উচ্চপর্যায়ের অসাধু ব্যক্তিদের সহযোগিতায় জাতীয়তাবাদী নেতাকর্মীদের দেওয়া দখলের পাঁয়তারা করছে—এমন অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন