শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মিলিটারি পুলিশ ও আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) এবং আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৃথকভাবে সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মিলিটারি পুলিশের প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি কোরটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ কোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোরটির প্রতিটি সদস্যের পেশাগত দায়িত্ব ও অবদানের জন্য তাদের অভিনন্দন জানান সেনাপ্রধান।

খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় আরভিঅ্যান্ডএফ কোরের ভূমিকার প্রশংসা

পরে আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় দেশের সেবায় এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন তিনি।

সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে আরভিঅ্যান্ডএফ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

একই সঙ্গে কোরের অধীন বিভিন্ন ফার্মের উৎপাদন বৃদ্ধি ও কার্যক্রম আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান দুটিতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিঅ্যান্ডএফ কোর; কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারাও পৃথক দুই সম্মেলনে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন