শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের আসল অর্থ ফেরত দিতে তথ্য চেয়েছে সিজিএ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) জমাকৃত মূল বা আসল অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)।

এ লক্ষ্যে গত ২৫ আগস্ট সংশ্লিষ্ট কর্মচারীদের জিপিএফ হিসাবের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর হোসেন।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভার কিছু কর্মচারী বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জিপিএফ হিসাব খুলে সরকারি চালানের মাধ্যমে চাঁদা জমা দিয়ে আসছিলেন।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব আইন অনুযায়ী তাদের জিপিএফ হিসাব পরিচালিত হচ্ছে। এ কারণে হিসাবরক্ষণ কার্যালয়ে আগে জমা থাকা জিপিএফের মূল অর্থ ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মচারীরা আবেদন করছেন।

এ অবস্থায় হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত জিপিএফ হিসাব থেকে শুধু জমাকৃত মূল বা আসল অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সিজিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং জেলা হিসাবরক্ষণ/জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে রক্ষিত জিপিএফ হিসাবের তথ্য ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের (ডিসিএ) মাধ্যমে যাচাই ও প্রত্যয়ন করে পাঠাতে হবে।

এ ছাড়া প্রেরিত তথ্যে শুধু জিপিএফে জমাকৃত মূল বা আসল অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। কোনো ধরনের মুনাফা, সুদ বা অন্য কোনো প্রাপ্য অর্থের হিসাব এতে অন্তর্ভুক্ত করা যাবে না।

প্রত্যয়নকারী কর্মকর্তাকে নিশ্চিত করতে হবে যে, উল্লেখ করা অর্থের পরিমাণ সঠিক। একই সঙ্গে প্রত্যয়ন দিতে হবে যে, সংশ্লিষ্ট কর্মচারীকে শুধু মূল অর্থ ফেরত দেওয়া হবে, ভবিষ্যতে ওই হিসাবের বিপরীতে তার আর কোনো অতিরিক্ত দাবি থাকবে না এবং তিনি এর আগে ওই মূল অর্থ গ্রহণ করেননি।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এ নির্দেশনা ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

এর ফলে হিসাবরক্ষণ কার্যালয়ে পূর্বে জমা থাকা জিপিএফের মূল অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন