সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ পেল জাতীয় গ্রিড

প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু; কারিগরি পরীক্ষা শেষে বাণিজ্যিক উৎপাদনের পথে এগোবে কেন্দ্রটি

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

৮ থেকে ১০ ঘণ্টা চলবে প্রাথমিক পরীক্ষা

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হবে।

পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।

বায়েরা’র অনুমোদনের অপেক্ষা

কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।

বায়েরা’র অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

১০ মাসের ট্রায়াল রান শেষে বাণিজ্যিক উৎপাদন

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর মাধ্যমে প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রোভিশনাল টেকওভার করবে। পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুই ইউনিটে উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন