সরকারি হিসাবে অংশ নিয়েছেন ১ লাখ ৬ হাজার, ছাত্র সংগঠনগুলোর দাবি ২ লাখ; মঙ্গলবার নতুন ধর্মঘটের ডাক
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও শিক্ষার মান কমে যাওয়ার প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন লাখো মানুষ। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও বিভিন্ন যুব সংগঠনের আয়োজনে শনিবার দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে আগের সপ্তাহগুলোর তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম ছিল এবং সামগ্রিক পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে ১ লাখ ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ২৪ হাজার। গত সপ্তাহে দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন।
তবে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। তাদের হিসাবে, শনিবার দেশজুড়ে প্রায় ২ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। এর মধ্যে প্যারিসেই ছিলেন প্রায় ১ লাখ।
আটকের সংখ্যা কম, কয়েকটি শহরে সংঘর্ষ
শনিবারের বিক্ষোভে আটকের সংখ্যাও আগের বড় কর্মসূচিগুলোর তুলনায় কম ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ২১৯ জনকে আটক করা হয়েছে। প্যারিসের কৌঁসুলির দপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৪৫ জন।
এক মাসেরও বেশি সময় ধরে ফ্রান্সে উচ্চবিদ্যালয় অবরোধ, গণবিক্ষোভ ও ধর্মঘট চলছে। শিক্ষার মান কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সমালোচনামূলক স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
গত কয়েক সপ্তাহে কিছু বিক্ষোভের প্রান্তিক এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবরের প্রথম বড় বিক্ষোভের দিন কয়েকটি শহরে লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। গণপরিবহনে তল্লাশি এবং বিক্ষোভের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে।
মার্সেই ও লিওঁতে পুলিশের সঙ্গে উত্তেজনা
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে সপ্তাহান্তে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। তবে শহরটির প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় ৩ হাজার ৫০০ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। শহরের একটি জনপ্রিয় চত্বরে আগুন জ্বলতে থাকার ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
লিওঁ শহরে স্থানীয় সংবাদমাধ্যমের হিসাবে, প্রায় ৮ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। প্রকাশিত ছবিতে মুখোশ পরা বিক্ষোভকারীদের রাস্তায় জ্বালানো আগুনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
নঁত, বোর্দো ও প্যারিসেও পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার নতুন ধর্মঘটের ডাক
সরকার ন্যূনতম মজুরি ০.৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে শ্রমিক সংগঠনগুলো। তাদের ভাষায়, এই সামান্য বৃদ্ধি শ্রমিকদের জন্য ‘উচ্ছিষ্ট’ ছাড়া আর কিছু নয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশজুড়ে নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। দিনটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের আট বছর পূর্তির সঙ্গেও মিলে যাচ্ছে।
ফরাসি ভাষায় ‘জিলে জন’ শব্দের অর্থ ‘ইয়েলো ভেস্ট’। ২০১৮ সালে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ আন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে প্রায় দুই বছর ধরে চলা আন্দোলন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারের শুরুতেই বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল।
‘১৭ অক্টোবর ইয়েলো ভেস্ট ডট নেট’ নামের আন্দোলন পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার আন্দোলনকারীরা ‘যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল, সেখানেই আট বছর পূর্তি উদ্যাপন করবেন’। ফ্রান্সজুড়ে বিভিন্ন গোলচত্বর ও টোল প্লাজায় কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের।

