রবিবার, ৮ নভেম্বর ২০২৬

আসিফ আকবরের গাড়িতে গুলি, বিবাদ ভুলে দীর্ঘায়ু চাইলেন ওমর সানী

দুজনের মধ্যে গেল বছরের ডিসেম্বরে কথার যুদ্ধ চলছিল। একে অন্যকে কটাক্ষ করেছেন, কথার বাণে বিদ্ধ করেছেন। আসিফ আকবরের মন্তব্যে ক্ষুব্দ হয়ে ওমর সানী কড়া ভাষায় ভিডিও বার্তাও দিয়েছিলেন। তবে আজ যখন সহশিল্পীকে হত্যাচেষ্টায় গুলি চালানো হলো তখন ঠিকই সব বিবাদ ভুলে আসিফের পাশে দাঁড়ালেন নায়ক ওমর সানী।

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। এ ঘটনাকে ‘অশনি সংকেত’ উল্লেখ করে আসিফের দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ, তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

রাজধানীর মগবাজারে শনিবার ভোরে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসিফ আকবরের সেখানে ব্যক্তিগত কার্যালয় রয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় শোবিজে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গেল বছরের শেষদিকে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার ও নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। সেই প্রতিক্রিয়া নিয়ে এক পডকাস্টে কথা বলতে গিয়ে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। কিন্তু আসিফের ওই মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী।

সোমবার (৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর (আসিফ আকবর) কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু ওর টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন- এটা গ্রহণযোগ্য নয়।’

আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

ভিডিওবার্তার একপর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, ‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

সানী আরও বলেন, ‘তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে- এগুলো ধরে রাখ।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন