বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান, নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দেওয়া লেকচারে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। এ সময় ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং টাউন ডিফেন্স পার্টির (টিডিপি) কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।
প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান মহাপরিচালক।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন তিনি। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতেও ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক।
এ ছাড়া একাডেমিতে নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন তিনি। পরে ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ড্রাইভিং সিমুলেটর পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পরিদর্শনের সময় সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন মহাপরিচালক। এ ছাড়া একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত ও প্রশিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মহাপরিচালক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, মহাপরিচালকের এ পরিদর্শন প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

