শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের হাতে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, আজকের তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ। আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ (BYMUN 2026) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে, মানবিক গুণাবলির চর্চা করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত থাকবে। শুধু জিপিএ-৫ অর্জনের পেছনে না ছুটে তরুণদের মেধা ও উদ্ভাবনী চিন্তাকে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কাজে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের বড় বড় আন্দোলনে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) চূড়ান্ত ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের অনেকেই ছিলেন তরুণ। সামাজিক মর্যাদা ও সমতার সুযোগ প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল।

কায়সার কামাল বলেন, ২০০৬ সালের পর থেকে বিভিন্ন সূচকে বাংলাদেশের পিছিয়ে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশকে নতুন করে এগিয়ে নিতে হবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বমানের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও তরুণদের দেশে ফিরে এসে দেশের নেতৃত্বে ভূমিকা রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে কীভাবে আলোচনা, বিতর্ক ও যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, তা বুঝতে তরুণদের জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করা উচিত।

তিনি আরও বলেন, মতভিন্নতা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। কেউ দ্বিমত পোষণ করলে তার যুক্তি বোঝার চেষ্টা করতে হবে। যোগ্য নেতৃত্বের অর্থ শুধু নিজে নেতৃত্ব দেওয়া নয়, বরং অন্যদেরও কাজ করার সুযোগ তৈরি করা। এর মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়ে এবং অর্থবহ সহযোগিতা নিশ্চিত হয়।

দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা দুই শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনের এ অধিবেশনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন