শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দক্ষ চালক তৈরিতে জোর, তিন মাস পর টিটিসির প্রশিক্ষণ কার্যক্রম মূল্যায়ন

দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে আগামী তিন মাস পর প্রশিক্ষণের অগ্রগতি মূল্যায়ন এবং বেশি দক্ষ চালক তৈরি করতে পারা কেন্দ্রগুলোকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়ানো জরুরি। অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ জন্য চালকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাঁরা বিদেশের কর্মপরিবেশ ও সড়কব্যবস্থার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারেন।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে গাড়ি রাস্তার বাম পাশ দিয়ে চালানোর নিয়ম থাকায় বাংলাদেশের অভিজ্ঞ চালকরাও বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। তাই প্রশিক্ষণকালে বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলো হাতে-কলমে শেখাতে হবে।

প্রশিক্ষণের মান নিশ্চিত করতে চালকদের শারীরিক সক্ষমতা, বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দৃষ্টিসীমায় সমস্যা থাকলে বিদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযোগী অন্য কোনো কারিগরি প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে শুরুতে খোলা জায়গায় ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা, পুরুষের পাশাপাশি নারীদের ড্রাইভিং প্রশিক্ষণের আওতায় আনা এবং হস্তান্তর করা গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশনাও দেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কর্মকর্তারা এবং আট বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন