নরসিংদীর মাধবদী পৌর এলাকায় দুর্গাপূজার মহাসপ্তমীর অনুষ্ঠান চলাকালে একটি পূজামণ্ডপের বিদ্যুৎ সংযোগের তার কাটার চেষ্টার অভিযোগে আবীর (৩০) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শ্রী শ্রী লোকনাথ বাবার রঞ্জিত বাবুর বাড়ি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপে আলোকসজ্জা ও ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই যুবক মণ্ডপের প্রধান বিদ্যুৎ সংযোগের তার কাটার চেষ্টা করছিলেন। বিষয়টি সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবককে আটকের পর মণ্ডপে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে মারধরের চেষ্টা করেন। তবে দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করেন।
পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশজুড়ে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নাশকতার অপচেষ্টা প্রতিরোধে সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
তবে এ ঘটনায় আটক যুবকের উদ্দেশ্য এবং বিদ্যুৎ সংযোগের তার কাটার চেষ্টার অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

